নতুন মন্ত্রিসভায় বেশ চমক থাকলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগে কোনো চমক নেই। আগের পাঁচ উপদেষ্টাই স্বপদে বহাল রয়েছেন।
সোমবার সন্ধ্যায় তাদের পুনঃনিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) এবং ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)।
নতুন সরকারের শপথ নেওয়ার দিন অর্থাৎ গত ৭ জানুয়ারি থেকে মন্ত্রী পদমর্যাদায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক করে দায়িত্ব অর্পণ করেছেন। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
