সন্তানকে কিন্ডারগার্টেনে না পড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৫:৫৯ পিএম

প্রাথমিকের শিক্ষকদের নিজ সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে না পড়াতে আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার চারটি উপজেলার শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা যাতে কিন্ডারগার্টেনে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আপনার সন্তানকে তো কিন্ডারগার্টেন স্কুলে দেবেনই না বরং ভবিষ্যতে যেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা আপনার স্কুলে যেতে চায়, আপনার স্কুলের ছেলে-মেয়েরা কিন্ডারগার্টেনে যাতে না যায় সে ব্যবস্থা করবেন'।

প্রতিমন্ত্রী শিশু শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোর আশ্বাসও এবং শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনেও কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সময়মতো স্কুলে গিয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রুজি ও আয় হালাল করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা সঠিক সময়ে স্কুলে যেতে চাই, ঠিক সময়ে স্কুল থেকে আসতে চাই। রুজি হালাল করতে চাই'।

অনুষ্ঠানে সাভার, দোহার, নবাবগঞ্জ এবং ধামরাই উপজেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মন্ত্রী ও সচিব।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত। আমার দরজা সকলের জন্য খোলা থাকবে।  যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন।  আমার বিরুদ্ধে হলেও আমাকে বলবেন'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত