৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলা

নৌ-অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৩৫ এএম

পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার এস এম নাজমুল হকের জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। তার জামিন বাতিল চেয়ে দুদকের আবেদনের ওপর এর আগে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। গত বছরের ১৩ আগস্ট ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালত নাজমুল হককে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে দুদক ১৬ অক্টোবর হাইকোর্টে আবেদন করে। শুনানি নিয়ে নাজমুল হকের জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে ২২ অক্টোবর রুল জারি করেছিল হাইকোর্ট। গতকাল রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেসা রতœা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরসেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত