নিখোঁজের পর এক সপ্তাহ পার হলেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর চৌমুহনী ফয়েজে আম সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী জান্নাত আক্তার। এ ব্যাপারে জান্নাত আক্তারের বাবা গত ১১ জানুয়ারি রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে রামগঞ্জ থানা পুলিশ এখনো রয়েছে অন্ধকারে।
নিখোঁজ দাখিল পরীক্ষার্থীর বাবা আবু বকর জানান, গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসায় কোচিং ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে জান্নাত আক্তার নিখোঁজ হন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এক সপ্তাহেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, এক সপ্তাহ পরও আমার মেয়ে উদ্ধার না হওয়ায় আমরা অপহরণের আশঙ্কা করছি।
এ ব্যাপারে রামগঞ্জ থানার এএসআই ও তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা স্থানীয়ভাবে তদন্ত করেছি। দুয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছি কিন্তু অধ্যাবদি কোনো সন্ধান পাইনি। তবে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চেষ্টা চলছে মেয়েটি সর্বশেষ কার সঙ্গে কথা বলেছে।
