পাঠদানের মান বাড়াতে জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়ে দিনব্যাপী একযোগে বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।
সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এ বি এম নুরুল হুদার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষকরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান বাড়বে। এ কারণে শিক্ষকদের পাঠদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে ২১ জায়গায় এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়।
স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রাকিব বলেন, ‘এ পাঠ গ্রহণের ফলে তারা উপকৃত হবেন। এতে করে শিক্ষকরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সহজে সঠিকভাবে পাঠদান করাতে পারবেন।’
