ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইউভেন্তুসকে জেতানো ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। জানিয়েছেন, দলকে জেতাতে এমন অবদান রাখতেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে চুক্তিভূক্ত করা হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় বুধবার রোনালদোর একমাত্র গোলে এসি মিলানকে হারিয়ে অষ্টমবারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলে ইউভেন্তুস। ম্যাচের ৬১তম মিনিটে গোলটি করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে নাম লেখান রোনালদো। ইতালির ক্লাবটিতে শুরুতে তেমন জ্বলে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। অবশ্য সময়ের সঙ্গে ফিরেছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতায় এরই মধ্যে ২৬ ম্যাচে করেছেন ১৬ গোল।
ইতালিয়ান সুপার কাপে রোনালদোর পারফরম্যান্সে মুগ্ধ ইউভেন্তুস কোচ আল্লেগ্রি। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, “আমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে চুক্তিভূক্ত করেছি। কারণ সে ফল নির্ধারক এবং গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে পারে।”
“সে অসাধারণ একটি গোল করেছে। বল নিয়ে তার নড়াচড়া ছিল দারুণ। তবে পুরো দলই ভালো পারফরম্যান্স দেখিয়েছে।”
