সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে ‘বিজয় উৎসব’ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা দিয়েছে।
শনিবার সকালে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ঢাকা শহরসহ আশপাশের এলাকা হতে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন, লঞ্চযোগে এদিন ভোর থেকেই ব্যাপক গণজমায়েত হবে।
ডিএমপির ট্রাফিক নির্দেশনা:
গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করতে হবে। তাদের বহন করা বাস বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করতে হবে।
উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ- শান্তিনগর-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড়/জিরোপয়েন্ট হয়ে আসা ব্যক্তিরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করতে হবে।
উল্লেখ্য, উত্তরা/এয়ারপোর্ট হতে আসা গাড়িগুলো পার্কিং স্থান মতিঝিল/গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।
পূর্বাঞ্চল হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আগতরা গুলিস্থানে নেমে হেঁটে জিরো পয়েন্ট- দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসগুলো মতিঝিল/গুলিস্থান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র হানিফ ফ্লাইওভার এর ওপর দিয়ে চানখাঁরপুল হয়ে আসবেন তারা চানখাঁরপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করতে হবে।
বাবুবাজার ব্রিজ হয়ে আগতরা গোলাপশাহ্ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে এবং তাদের বাসগুলো গুলিস্থান এলাকায় পার্কিং করতে হবে।
শাহবাগ হতে মৎসভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিরা গমনাগমন উপলক্ষে ওই দিন ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন-বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন করা যাবে না।
