ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চিফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল বৃহস্পতিবার ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করার জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন।
উপাচার্য আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক এবং প্রক্টরিয়াল টিমের সদস্যদের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান। সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য বলেন, ডাকসুর গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন এবং আচরণবিধি প্রণয়নের জন্য ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
