মৃত মাকে একাই জঙ্গলে দাফন করল ‘নিচু জাতের’ ছেলে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫১ পিএম

শেষযাত্রায় ছেলের সাইকেলের পিছে মৃত মা। নিচু জাত। তাই প্রতিবেশীরা থাকল ‍দূরে। জায়গা হলো না শ্মশানেও। ৫ কিলোমিটার পথ ঠেলে মাকে জঙ্গলে দাফন করতে হল ভারতের ওড়িশার ১৭ বছরের কিশোর সুরজকে।

সুরজের সাইকেল নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য এক ব্যক্তি মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাড়ির পাশে পানি আনতে গিয়ে মৃত্যু হয় সুরজের মা জানকীর।  স্বামীর মৃত্যুর পরে ছেলেমেয়েকে নিয়ে অনেক সংগ্রাম করছিলেন ৪৫ বছরের ওই নারী।

ওড়িশায় এই ঘটনা প্রথম নয়। ২০১৬ সালের আগস্টে হাসপাতাল অ্যাম্বুলেন্স না দেয়ায় স্ত্রীর মাদুর-জড়ানো দেহ কাঁধে করে হাঁটেন দানা মাঝি নামের এক ব্যক্তি। দাফনের খরচ না থাকায় ছোট সন্তানকে নিয়ে ১০ কি.মি পথ হেঁটে কবর দিতে হয় স্ত্রীকে।

একদিন আগে ভাইরাল হওয়া ভিডিওতে ধারণকারীর সঙ্গে হতভাগ্য কিশোরের কিছু কথোপকথন শোনা গেছে।

ওই ব্যক্তি বলছেন, ‘কী নাম তোমার?’

উত্তর আসে, ‘সুরজ।’

‘সুরজ কী?’ আবার প্রশ্ন

এবার পদবি জানায় সে, ‘সিংঘারিয়া।’

(সাইকেলে বাঁধা দেহের দিকে দেখিয়ে) ইনি কে?

কান্না চেপে রেখে সুরজ বলে, ‘আমার মা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত