টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। এবার দুই দলের ওয়ানডে লড়াই শুরুর পালা। শনিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পোর্ট এলিজাবেথে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
টেস্ট সিরিজে আধিপত্য দেখালেও ওয়ানডে সিরিজকে কঠিন চ্যালেঞ্জ মানছেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এমনকি দল হিসেবে দক্ষিণ আফ্রিকার চেয়ে পাকিস্তানকে ওয়ানডেতে এগিয়ে রাখছেন প্রোটিয়া অধিনায়ক।
এ বছর মে-জুনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। যে আসরের আগে সব দলই বিশ্বকাপের দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার মধ্যে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাও সেই চেষ্টা করছে বলে জানালেন প্রোটিয়া অধিনায়ক, ‘‘ওয়ানডেতে দল হিসেবে আমরা ভারসাম্য খুঁজে পেতে চেষ্টা করছি।’’
টেস্ট সিরিজ সহজে জিতলেও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে এগিয়ে রাখতে চান ডু প্লেসি। প্রোটিয়া অধিনায়ক বলছেন, ‘‘পাকিস্তান ওয়ানডে দল হিসেবে অনেক ভালো। পারফরম্যান্সের ভিত্তিতে যদি দেখেন খুব সম্ভবত তারা প্রথম। তাদের ওয়ানডে দল খুবই শক্তিশালী, আমাদের চেয়েও ভালো। এটা আমাদের জন্য সুন্দর একটা চ্যালেঞ্জ।’’
প্রথম দুই ওয়ানডেতে কুইন্টন ডি কক ও ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স এটিকে সুযোগ হিসেবে দেখছেন, ‘‘কুইনি (ডি কক) ও ডেল স্টেইন প্রথম দুই ওয়ানডেতে নেই। এটা সত্যিকার অর্থে আমাদের সুযোগ করে দিয়েছে কোন দিকে আমাদের নজর দিতে হবে সেটি দেখার।’’
