ডাকসু নির্বাচন উপলক্ষে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৬:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেয়া হয়। এ মর্মে হলগুলোতে নোটিশও দিয়েছেন হল কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, 'আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলগুলোকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যে সকল ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো এবং অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারুর কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, সব হলের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। এজন্য হলের প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করছি। ডাকসু নির্বাচন যাতে হয় এর জন্য সবকিছুই করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত