কুমিল্লায় নাশকতার মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৭:১০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দাখিল করেন বিএনপির চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কুমিল্লার নাশকতার মামলায় স্থানীয় বিচারিক আদালত জামিন আবেদনের শুনানি দীর্ঘায়িত করছেন। তাই আমরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘এই মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের জন্য এর আগে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে বিচারিক আদালতে আবেদন ও নিষ্পত্তির কথা বলেছিলেন। কিন্তু কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে জামিনের আবেদন করলেও শুনানি দীর্ঘায়িত হচ্ছিল। পরে আমরা হাইকোর্টে আবেদনের প্রস্তুতি নেই।’ 

আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুলে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চৌদ্দগ্রাম থানায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত