রাজধানীতে গত শনিবার আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে প্রাইভেট কার খাদে পড়ে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভৈরাবরটেকে শনিবার দিবাগত রাতের কোনো সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আড়াইহাজার উপজেলার বড় ফাউসা গ্রামের রিপন (৩২), বাঘানগর গ্রামের মোমেন মিয়া (৩৭), মাউরাদী গ্রামের শহিদুল্লাহ (৫০) ও প্রাইভেটকার চালক রাজু (৩৫)। দুর্ঘটনায় আরিফুর রহমান রবিন নামে একজন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর ভাগ্নিজামাই আরিফুর রহমান রবিনের।
পুলিশ গতকাল রবিবার বেলা ১১টায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে। তবে খাদ থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ গাড়িতে কোনো লাশ পায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভোরে নিহতের স্বজনরা এসে চারটি লাশ উদ্ধার করে দ্রুত ঘটনাস্থল থেকে আড়াইহাজারে নিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, রাতের বেলায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। স্থানীয় এলাকাবাসী চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে। ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার এসআই সাধনচন্দ্র জানান, দুর্ঘটনায় নিহত সবাই ঢাকায় আওয়ামী লীগের বিজয় সমাবেশে গিয়েছিলেন। আড়াইহাজারে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
