‘জামায়াতুল মুসলিমিন’ নেতা রিজওয়ান গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৩:০৭ এএম

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে লেকহেড গ্রামার স্কুলের সাবেক মালিক রিজওয়ান হারুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুসলিমিন’ (জেএম)-এর নেতা বলে দাবি করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার ভোরে ধানমন্ডি এলাকার ৬/এ রোডে ঈদগাহ মসজিদের সামনে থেকে রিজওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে রিজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এক বছর আগে রিজওয়ানের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, রিজওয়ানের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে সর্বপ্রথম আল কায়েদার মতাদর্শী জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুসলিমিন’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সংগঠনের কার্যক্রম চলছে বিশ্বের ১৭টি দেশে। ডিবি পুলিশ জানায়, এই সংগঠনের সদস্যরা হারুন ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদ দাওয়া-হালাকা কার্যক্রমের জন্য ব্যবহার করত।

পুলিশ জানায়, রিজওয়ান হারুন ২০০৬ সালে গুলশানের লেকহেড গ্রামার স্কুলটি এর প্রতিষ্ঠাতা আবদুল লতিফের কাছ থেকে কিনে নেন। ২০১৭ সালে তা বিক্রি করে দেন খালেদ হাসান মতিন নামে আরেকজনের কাছে। তিনিও সন্ত্রাসবিরোধী মামলার আসামি। শিক্ষার্থীদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য লেকহেড গ্রামার স্কুলটি ওই সংগঠনের সূতিকাগার হিসেবে ব্যবহৃত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত