মাত্র ২৬ জনের হাতে পৃথিবীর অর্ধেক মানুষের সম্পদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৫৫ এএম

পৃথিবীতে সম্পদের মালিকানায় তলানির দিকে থাকা অর্ধেক মানুষের কাছে যত সম্পদ আছে, মাত্র ২৬ জন শীর্ষ ধনকুবেরের হাতে রয়েছে সে পরিমাণ সম্পদ। সোমবার নতুন এক প্রতিবেদনে ধনী-গরিব বৈষম্যের এই চিত্র তুলে ধরেছে অক্সফাম।

এনডিটিভি জানায়, ক্রমবর্ধমান এই বৈষম্যের লাগাম টেনে ধরতে ধনীদের ওপর কর বাড়ানোর আহ্বান জানিয়েছে বৈশ্বিক দাতব্য সংস্থাটি।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনকে সামনে রেখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ধনকুবেরদের সম্পদ প্রতিদিন ২৫০ কোটি ডলার করে বেড়েছে।

বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সম্পদ গত বছর ১১২ বিলিয়ন ডলার বেড়েছে।

অক্সফাম জানিয়েছে, বেজোসের মাত্র ১ শতাংশ সম্পদের সমপরিমাণ অর্থ ১০ কোটি ৫০ লাখ মানুষের দেশ ইথিওপিয়ার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্পদের মালিকানায় তলানির দিকে থাকা ৩৮০ কোটি মানুষের সম্পদ গত বছর ১১ শতাংশ কমেছে।

অক্সফাম বলছে, ধনী-গরিবের সম্পদের এই ব্যবধান দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করছে, অর্থনীতিকে ধ্বংস করছে এবং গণরোষকে উসকে দিচ্ছে।

এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা বলেছেন, ‘গোটা বিশ্বের মানুষ ক্ষুব্ধ এবং হতাশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত