জয়পুরহাট পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।
আহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ছানা মিয়া। আহত পুলিশ সদস্যরা হলেন, পাঁচবিবি থানার সাব-ইন্সপেক্টর মোকলেছুর রহমান, কনস্টেবল মোকসেদুল ও জাহাঙ্গীর আলম।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দেশীয় ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছানা মিয়াকে পুলিশের হেফাজতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ সদস্যদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার ছানা মিয়াকে (৪৫) আটক করা হয়। এ সময় একটি রিভলবার, ৫টি ধারালো চাপাতি, হাঁসুয়া ও ১টি লোহার পাইপসহ উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বজলার রহমান আরও জানান, ৭-৮ জন পলাতক ডাকাতের নাম পাওয়া গেছে। তাদের ধরার জন্য পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের আহত করা, ডাকাতির চেষ্টা, অবৈধ অস্ত্র ব্যবহার ও উদ্ধার মামলার প্রস্তুতি চলছে।
