মাগুরায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০২:৫৩ পিএম

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার নলদাহ গ্রামে ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হন। অন্যদিকে দুপুর ১টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস (৮) নামে এক শিশু নিহত হয়।

নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। নিহত আপন রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে তমাল হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় রাস্তা পারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় শিশু আপন বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। আপন তার নানা বাড়ি মাগুরা সদরের লক্ষীকান্দরে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।

নলদাহের এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  নিহত রদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত