গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত ২ আইজিপির জামিন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৩:৩০ পিএম

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদা ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল সোমবার শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাদিকদের বলেন, গ্রেনেড হামলা মামলায় দুই বছরের সাজার রায় হলেও আসামিরা ১৪ মাস যাবৎ বিচারপর্যায়ে কারাগারে ছিলেন। সেই দিক বিবেচনায় নিয়ে বিচারিক আদালত তাদের জামিন দিয়েছিলেন।

তিনি বলেন, বিচারিক আদালতের রায়ের পর আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট সাজার রায়ের বিরুদ্ধে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন এই সহকারী অ্যাটর্নি জেনারেল।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বহু নেতাকর্মী।

গত বছরের ১০ অক্টোবর এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদের পাশাপাশি আট পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত