কুমিল্লার দেবীদ্বারে রুবি আক্তার (৪০) নামে এক মানসিক রোগীর দায়ের কোপে দুধ মেহার বিবি (৮০) নামে এক বৃদ্ধার প্রাণহানি হয়েছে । রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভানী ইউনিয়নের শাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুধ মেহার বিবি ওই গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী। নিহত এবং হত্যাকারী পরস্পরের খালা ও ভাগনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবি আক্তার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের মৃত. আব্দুল আজিজ সরকারের মেয়ে। তাকে বিয়ে দেওয়া হয়েছিল তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সে মানসিক ভারসাম্যহীনতায় ভোগার কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। প্রায় তিন বছর যাবৎ রুবি খালার বাড়ি সাহারপাড়ে থাকত। অন্যদিকে, বৃদ্ধা দুধ মেহার বিবির ২ মেয়ে ও এক ছেলের মধ্যে ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। অপর মেয়ে রাসেদা ও ভাগনি রুবিকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন বৃদ্ধা দুধ মেহার বিবি।
রবিবার বিকেলে মেয়ে রাশেদা পাশের বাড়িতে ঘুরতে গেলে ওই সুযোগে খালা দুধ মেহার বিবিকে বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ভাগনি রুবি। রাসেদা বাড়িতে এসে এ দৃশ্য দেখার পর চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রুবিকে আটক করে পুলিশে খবর দেয়।
এদিকে ঘটনাস্থলটি দেবীদ্বার উপজেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী চান্দিনা থানার কাছাকাছি হওয়ায় প্রথমে ঘটনাস্থলে চান্দিনা থানা-পুলিশ উপস্থিত হয়। পরে সংবাদ পেয়ে দেবীদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে। তারা মানসিক ভারসাম্যহীন রুবি আক্তারকেও আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবি কোন কথাই বলছে না। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি আরও জানান, মানসিক ভারসাম্যহীন রুবি এর আগেও কয়েকজনকে কুপিয়ে ছিল।
