জমির মালিক সেজে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৮:১৫ পিএম

রাজধানীতে দীর্ঘদিন ধরে অন্যের জমির মালিক সেজে বিক্রি করে কোটি টাকার প্রতারণা করে আসছিল একটি চক্র। চক্রটির সক্রিয় সদস্য মো. জাহাঙ্গীর ফারুককে (৬০) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে তুরাগ থানা এলাকা থেকে জমি জালিয়াতির আলামতসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, সর্বশেষ প্রিয়াঙ্কা গ্রুপের চেয়ারম্যান জনাব সাঈদুর রহমান এর সঙ্গে জালিয়াতি করে অন্যের সাড়ে ২৭ শতাংশ জমি নিজেকে বানিয়ে জমির বায়না বাবদ নগদ ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ চক্রটি। ওই জমির মূল্য কোটি টাকার ওপরে।

প্রতারক চক্রের মূল হোতা হারুন অর রশিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মো. নাজমুল হক। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই চক্রের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে অন্যের জমির মালিক সেজে তা বিক্রি করে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. জাহাঙ্গীরকে তুরাগ এলাকা থেকে আটক করা হয়েছে। প্রতারক চক্রের মূল হোতা পলাতক আসামি হারুন অর রশিদসহ সহযোগী অন্যান্য আসামিদের সহায়তায় পরস্পর যোগসাজশে অন্যের জমির মালিক সেজে নকল পাওয়ার অব অ্যাটর্নি দলিল তৈরি করে অন্যের জমি বিক্রি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ফারুক সকল ঘটনার সত্যতা স্বীকার করে এবং স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত