বাংলা ভাষায় লেখা না থাকার কারণে রাজধানীতে বেশ কিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার এ সম্পর্কিত এক অভিযানে বনানী-১১ নম্বর সড়কের ১০টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
বাংলা ভাষায় না লেখা এবং অবৈধভাবে এলইডি চালানোর অপরাধে প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ড অপসারণ ও জরিমানা করা হয়।
জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে লিটল এঞ্জেলস, গ্রেট ইন্টারন্যাশনাল, বিএফসি, গিঞ্জা, ফিট এলিগেন্স, এঞ্জেলা, মুন্স, আনজারা, রিয়েল থাই ও লেদারেক্স। তাছাড়া বিএফসি, রিয়েল থাই ও লেদারেক্স এর সাইনবোর্ড তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
প্রসঙ্গত, হাইকোর্টের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদিতে বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেয়া হয়।
এ প্রেক্ষিতে ২০১৮ সালে জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসির এখতিয়ারাধীন এলাকার যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্ব-উদ্যোগে অপসারণ করে ৭ দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তাছাড়া মাইকিং, বিভিন্ন গণমাধ্যমে প্রেস রিলিজ প্রেরণসহ ডিএনসিসি-র ওয়েবসাইট এবং ফেসবুক পাতায়ও গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তখন প্রায় সব কটি প্রধান প্রধান জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। হাইকোর্টের আদেশ এবং ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন উপস্থিত ছিলেন।
