নিবন্ধনহীন ক্লিনিক

অস্ত্রোপচারের সময় ‘কাটা পড়ে’ নবজাতকের মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:২৩ পিএম

ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচার করার সময় নবজাতকের পিঠ, মুখ, হাত কেটে মৃত্যু হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, গত রবিবার রাতে নগরীর আলিয়া মাদ্রাসা রোডের পরশ প্রাইভেট ক্লিনিকে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন সদর উপজেলার কুষ্টিয়া এলাকার হারুনের স্ত্রী জান্নাত। রাত ১টার দিকে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় নবজাতকের মা জান্নাতকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তার অস্ত্রোপচার করেন ময়মনসিংহ সিবিএমসিবি হাসপাতাল থেকে সদ্য পাস করা চিকিৎসক শিশির। তিনি ওই ক্লিনিকে প্রশিক্ষণ নিচ্ছেন।

জেলার কোতোয়ালি মডেল থানার ওসি মনসুরুল আলম বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরশ প্রাইভেট হাসপাতালের পরিচালক রেজাউল কবির মুরাদ বলেন, পেটের ভেতর দু-একদিন আগেই বাচ্চা মারা গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক মৃত বাচ্চা বের করে আনেন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ কে এম আব্দুর রউফ জানান, পরশ প্রাইভেট হাসপাতালের সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই। হাসপাতাল কর্র্তৃপক্ষের কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত