কুমিল্লায় হালিমের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৭টার দিকে উপজেলার পিলগীরি গ্রামে ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগীরি গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাব্বির (১৮) রোববার রাত ৭টার দিকে ওই এলাকায় অনুষ্ঠেয় মাহফিলের সামনের দোকানে ১০ টাকার হালিম কিনে দেবে বলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে পাশেই মনিন্দ্র শীলের নির্জন বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সাব্বিরকে আটক করে।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাবে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হালিম তার জিম্মায় সাব্বিরকে নিয়ে যায়। সোমবার বেলা ১১টার দিকে শিশুটিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করেন।
শিশুটির মা বলেন, আমার স্বামী প্রতিবন্ধী। আমি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমার মেয়েকে যে ধর্ষণ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ঘটনার মীমাংসার জন্য দুদিন চেষ্টা চালালেও তা মীমাংসা করতে পারেনি ওয়ার্ড মেম্বার।
স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হালিম বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে আমার জিম্মায় তাকে নিইনি।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘ধর্ষণের কোনো ঘটনা শুনিনি। তবে এ রকম কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
