আসামি ধরতে গিয়ে আসামির অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুটের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) লস্কর লাজুল ইসলাম ওরফে জিয়ার বিরুদ্ধে।
অটোরিকশা ভাঙচুরের অভিযোগে করা মামলায় মেহেদী হাসান বাকের নামের এক যুবককে ধরতে গিয়ে এসআই জিয়া এই কাণ্ড ঘটান। এ ঘটনায় বুধবার দুপুরে বাকেরের স্ত্রী মারিয়া খাতুন বাদী হয়ে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিচারক মো. হাদিউজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলামকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়- মেহেদী হাসান বাকেরকে না পেয়ে এসআই জিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্যাতন, বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার তদন্তে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওবাইদুর রহমান ও ডিআইও ওয়ান ফারুক হোসেন।
