টিভি শো ‘কফি উইথ করণ’-এ অশালীন মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। সমালোচনার সূত্র ধরে দুজনকে ভারতীয় ক্রিকেট দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ দেওয়া হয়। কিন্তু যার প্রশ্নে অশালীন জবাব, সেই করণ জোহর কোনো মন্তব্য করেননি এত দিন।
এবার পুরো অঘটনের দায় নিজের ঘাড়ে নিয়ে বললেন, ‘‘এই ঘটনার জন্য আমার নিজেকে দায়ী বলে মনে হচ্ছে। আমার শো’তে ঘটনাটা ঘটেছে। আমি ক্ষমা চাইছি।’’
ঘটনা এত দূর গড়িয়েছিল যে, গুঞ্জন ওঠে সাম্প্রতিক সিজনের পর আর নতুন পর্বে দেখা যাবে না ‘কফি উইথ করণ’। তবে এ বিষয়ে মন্তব্য করেননি তিনি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক-পরিচালক করণ বলেন, ‘‘আমার নিজেকে ভীষণভাবে দায়ী মনে হচ্ছে। কারণ আমার শো। আমার প্ল্যাটফর্ম। আমি তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে ভুল-ত্রুটি যা-ই হোক, তার দায়ও আমার।”
সঙ্গে যোগ করেন, “রাতের পর রাত ঘুমোতে পারিনি, শুধু এটা ভেবে যে, তাদের এই অপরিসীম ক্ষতি আমি পূরণ করব কী করে? কিন্তু এখন আমার কথা কে শুনবে? পানি বহু দূর গড়িয়ে গিয়েছে। এখন সবকিছুই আয়ত্তের বাইরে।’’
হার্দিক-রাহুলকে করা প্রশ্নটি নারী অতিথিদেরও আগে করেছিলেন- সে কথাও মনে করিয়ে দেন করণ জোহর।
তিনি বললেন, ‘‘এই প্রশ্নই আমি দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকেও করেছিলাম। কিন্তু তাদের উত্তরে তো আর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না।’’
তিনি আরও বলেন, ‘‘তাদের সঙ্গে যা ঘটে গেল তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। এই প্রশ্নও উঠেছে, আমি নাকি টিআরপির জন্য এ সব করে থাকি। আমি টিআরপি নিয়ে একেবারেই চিন্তিত নই।’’
