যৌতুক না পেয়ে স্ত্রীর হাত-পা ভেঙে দিল স্বামী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৯:৫৬ পিএম

যৌতুক না দেওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামের তিন সন্তানের জননী রেণু বেগমের (৪৫) হাত-পা ভেঙে দিয়েছে তার স্বামী আব্দুল মালেক (৫০)।

মঙ্গলবার গভীর রাতে এ নির্মম ঘটনা ঘটে। রেণু বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ভাই শহীদ শিকদার জানান, প্রায় ২৫ বছর আগে একই ইউনিয়নের বিনানই গ্রামের মো. ফজলের ছেলে আব্দুল মালেকের সঙ্গে রেণু বেগমের হয়। কয়েক বছর পর বাড়িঘর যমুনা নদীতে ভেসে গেলে স্বামী-সন্তান নিয়ে তারা বাবার বাড়িতে আশ্রয় নেয়। এরপর থেকে যৌতুকের দাবিতে রেণু বেগমের ওপর স্বামীর অত্যাচার বাড়তে থাকে।

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে রেণু বেগম প্রকৃতির ডাকে ঘর থেকে থেকে বাইরে আসলে তার স্বামী আব্দুল মালেক ৩/৪ জন সহযোগী নিয়ে পাশের মাঠে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর তার  চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

এ ব্যাপারে চৌহালী উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এসএম মাসুম জানান, রেণু বেগমের দুই পা ও দুই হাতের হাড় ভেঙে গেছে। তাই তার উন্নত চিকিৎসার ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জানায়, এর অগেও যৌতুকের দাবিতে রেণু বেগমের পেটে ছুরিকাঘাত করে তার স্বামী আব্দুল মালেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত