পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ছাত্র ধর্মঘট

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৮ এএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে অনির্দিষ্ট কালের ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। ধর্মঘটের কারণে স্থগিত করা হয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন।

গতকাল বুধবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নেশাগ্রস্ত অবস্থায় আসিফ ইকবাল চিন্ময় নামের এক বখাটে গত শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার একটি ছাত্রীনিবাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই বখাটে অন্য ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বখাটের চাচার বাড়িতে বসে সমঝোতা করার চেষ্টা করে চলে আসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে চাপ দিলে ওই ঘটনায় রাধানগর বটতলা এলাকার বাসিন্দা অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে (২৭) গ্রেপ্তার করা হয়। 

পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের ছিনতাই, মারধর এমনকি ছুরিকাঘাতের শিকার হলেও বিশ^বিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি, এক নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডি ব্যর্থ হয়েছেন।

এদিকে, ছাত্র ধর্মঘটের কারণে স্থগিত করা হয়েছে পূর্ব ঘোষিত বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচন পরিচালনায় গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম বলেন, ‘পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম। কিন্তু ছাত্র ধর্মঘটের কারণে সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা লাগানো থাকায় নির্বাচন কার্যক্রম শুরু করা যায়নি। আমরা আপাতত নির্বাচন স্থগিত ঘোষণা করেছি।’

অভিযোগ অস্বীকার ও শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিশ^বিদ্যালয় প্রক্টর প্রীতম কুমার দাস বলেন, ‘ছাত্রী লাঞ্ছনার ঘটনায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনায় জড়িত বখাটেকে পুলিশে সোপর্দ করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় নতুন হল নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত