মনোহরদী উপজেলা পরিষদ

জোরেশোরে নেমেছে আ.লীগ সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৬ এএম

নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে সখ্য ও যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগে এই দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় প্রকাশ্যে তৎপরতা না চালালেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে কয়েকজন উঠেপড়ে নেমেছেন। তাদের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিস উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রাক্তন গভর্নর লায়ন খন্দকার জাহাঙ্গীর কবীর ও মোল্লা জহিরুল ইসলাম মুকুল অন্যতম।

প্রার্থী হিসেবে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান রঙ্গু।

অন্যদিকে বিএনপির প্রার্থীরা নীরব। তবে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের নাম আলোচনায় আছে।

দলীয় টিকিট বাগিয়ে আনতে সম্ভাব্য প্রার্থীরা নরসিংদী-৪ আসনের সাংসদ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বাড়তি যোগাযোগ স্থাপনের চেষ্টায় আছেন। তারা শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। সেখানে নেতাকর্মীরা উপজেলা নির্বাচন নিয়ে নানা মন্তব্য করছেন।

নজরুল মজিদ মাহমুদ স্বপন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই। আনিস উদ্দিন শাহীন দলের অন্যতম ত্যাগী নেতা। অন্যদিকে প্রিয়াশীষ রায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাধে আছেন বাড়তি সুবিধায়। প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় হিসেবে পরিচিত লায়ন খন্দকার জাহাঙ্গীর কবীর এবং মোল্লা জহিরুল ইসলাম মুকুল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তিনিও সুবিধাজনক অবস্থানে আছেন। দলের সহসভাপতি হাবিবুর রহমান রঙ্গু বর্তমানে রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও উপজেলা নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন।

নজরুল মজিদ মাহমুদ স্বপন বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা চাচ্ছেন আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। পরিবারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

আনিস উদ্দিন শাহীন বলেন, ‘এ জেলার উত্তর এলাকার ৫ নম্বর ইউনিয়ন থেকে কখনো প্রার্থী হয়নি। তাই এ অঞ্চলের মানুষ চেয়ারম্যান পদে আমাকে নিয়ে চিন্তা করছে। শিল্পমন্ত্রীর দুঃসময়ে পাশে ছিলাম। আশা করি, তিনি আমাকে বিবেচনা করবেন।’

প্রিয়াশীষ রায় বলেন, ‘বিগত দিনে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আশা করি, বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’ তবে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত