প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাবুলে বাংলাদেশ মিশন পুনরায় খোলার অনুরোধ আফগান দূতের

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০২:০৫ এএম

আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক নবায়নের অংশ হিসেবে কাবুলে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘ ইতিহাস এবং গভীর সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক সম্পর্কের উত্তরণ ঘটাতে আগ্রহী। আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী ঢাকা এবং কাবুলের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ এর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়।’

তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশ আফগানিস্তান থেকে প্রচুর পরিমাণে শুকনো খাবার আমদানি করে থাকে এবং আফগানিস্তানও বাংলাদেশ থেকে উন্নতমানের ওষুধ তাদের দেশে আমদানি করতে পারে। বিগত সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আফগান রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত