কামিন্স, রিচার্ডসনের তোপে ব্যাকফুটে শ্রীলঙ্কা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৫:৪৭ পিএম

অভিষিক্ত পেসার জাই রিচার্ডসনকে নিয়ে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের গতির ঝড়। তাতে লঙ্কান শিবিরে ফিরল ১৯৭৫’র স্মৃতি। দাপুটে বোলিংয়ের মুখে ‘থরহরি-কম্প’ দশায় পড়া দলটি দুই ম্যাচ সিরিজের একমাত্র দিনরাতের টেস্টে গুটিয়ে গেছে দেড়শ রানের আগেই।

গাব্বায় প্রথম টেস্টে বৃহস্পতিবার ৫৬.৪ ওভার ব্যাট করে ১৪৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও ৭২ রান তুলে নিয়েছে। কামিন্স এবং রিচার্ডসন দুজনে নিয়েছেন ৭ উইকেট।

অস্ট্রেলিয়ান পেস আগুনে শ্রীলঙ্কাকে সর্বশেষ এমন হিমশিম খেতে দেখা গেছে ১৯৭৫ সালের বিশ্বকাপে। ওভালের সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পায় ৫২ রানে। কিংবদন্তি পেসার থমসন এক উইকেট পেলেও বেশ কয়েকটি বাউন্সারে শ্রীলঙ্কার টপ অর্ডারকে ভয় ধরিয়ে দেন। ব্রিসবেনের গাব্বায় এদিনও পুরোটা সময় চান্দিমালদের একইভাবে ভয়ের চোরাস্রোতে ভাসিয়ে নেন কামিন্সরা।

সাত নম্বর ব্যাটসম্যান ডিকভেলা (৬৪) বাদে আরও কোনো লঙ্কান ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার দিমুথ করুনারত্নের, ২৪।

অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পেসার জশ হেইজেলউডের অভাব এদিন এতটুকু টের পায়নি দলটি। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে বেশি ভুগিয়েছেন ডানহাতি পেসার প্যাট কামিন্স। ১৪.৪ ওভার বল করে ৩৯ রান খরচায় চার উইকেট নিয়েছেন। অভিষিক্ত ডানহাতি ফাস্ট বোলার জাই রিচার্ডসন ফিরিয়েছেন তিনজনকে। বাঁহাতি স্টার্ক দুই উইকেট নিয়ে ১৭তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছাড়িয়েছেন। তার উইকেটসংখ্যা এখন ২০১টি। এদিন স্পিনার লায়ন নিয়েছেন এক উইকেট।

জবাব দিতে নেমে অজি ওপেনার হ্যারিস ৮২ বল খেলে ৪০ রানে অপরাজিত আছেন। সাজঘরে ফিরেছেন জো বার্নস (১৫) এবং উসমান খাওয়াজা (১১)। শেষ কয়েক ওভার সামাল দেন লায়ন। ১১ বল খেলে রানের খাতা খোলেননি তিনি। শেষ তিন ওভারই মেডেন নেয় শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত