শেখ হাসিনার অধীনে আর নির্বাচন নয়: মির্জা ফখরুল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯ পিএম

 শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তিনি বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপি এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভায় স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সকালে বনানীতে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে কি না সে সিদ্ধান্ত স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে নেবেন।

২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ্য অবস্থায় লন্ডনে মারা যান আনিসুল হক। তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল।

তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আতিকুল ইসলাম ও বিএনপির পক্ষ থেকে তাবিথ আউয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত