গাজীপুরের কালীগঞ্জে স্বামীর বাড়ি থেকে কাপাসিয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন এক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৪২)। তিনি উপজেলার বাহাদুরসাদী এলাকার মো. ইউসুফ আলীর স্ত্রী ও তিলশুনিয়া এলাকার মমতাজউদ্দিন খরাজীর মেয়ে।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান ও এলাকাবাসী জানান, সাবিনা গত রবিবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে বাবার বাড়ি থেকে কিছু দূরে সাবিনার পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ওই পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব শক্রতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
