খাতুনগঞ্জে চিনির দাম বেড়েছে, কমেছে আদার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০২:৪১ এএম

এক সপ্তাহের ব্যবধানে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনির দাম বেড়েছে; তবে কমেছে আদা ও জিরার দাম; স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও ছোলার দাম। গতকাল বৃহস্পতিবার রিয়াজউদ্দিন বাজার ও কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম পাইকারিতে মণপ্রতি ১০ টাকা বাড়লেও খুচরা পর্যায়ে কেজিপ্রতি অন্তত ৫ টাকা বেড়েছে।

খাতুনগঞ্জে চিনির একমাত্র পরিবেশক এস আলম গ্রুপ। তাদের কাছ থেকে সারা দেশে চিনি সরবরাহ করে মীর গ্রুপ। এই গ্রুপের ব্যবস্থাপক হেলাল উদ্দিন জানান, গত সপ্তাহে মণপ্রতি চিনি ১৭৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সেটা এই সপ্তাহে ১৭৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কাজির দেউড়ি বাজারের হারাধন ট্রেডার্সের মালিক তাপস বৈদ্য দেশ রূপান্তরকে বলেন, ‘এই সপ্তাহে ১৭৪০ টাকা মণ দরে চিনি কিনেছি। খুচরা বিক্রি করছি ৫৫ টাকা কেজিদরে। তবে মণপ্রতি ১০ টাকা বাড়লেও কেজিতে প্রায় আট টাকা বেশি নেওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। রিয়াজউদ্দিন বাজারে খুচরা চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকায়। এই বাজারের ক্রেতা মানিক উদ্দিন বলেন, ‘গত শুক্রবার চিনি কিনেছি ৫০ টাকা করে। এই সপ্তাহে বাড়তি ৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে চিনি।’

এদিকে সরবরাহ ভালো থাকায় খাতুনগঞ্জে জিরার দাম কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৯৫ টাকায়। গত সপ্তাহে ৩০৫ টাকা দরে জিরা বিক্রি হয়েছিল। পাইকারিতে আদা বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭৫ টাকা। আমদানিকারক জাহাঙ্গীর বলেন, ‘আদার দাম ১০-১৫ টাকা কমেছে। চাইলেও তো আদা আর মজুদ করে বেশি দিন রাখা যায় না। লোকসানের আশঙ্কায় বেশির ভাগ ব্যবসায়ী বিক্রি করে দিচ্ছে।’ বকশীর হাটে খুচরা ব্যবসায়ী বাবুল স্টোরের মালিক বাবুল সওদাগর জানান, আদা খুচরায় ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খাজা ট্রেডার্সের মালিক আবদুল মান্নান জানান, পাইকারিতে রসুনের দাম কমেছে কেজিপ্রতি ৫ টাকা। গত সপ্তাহে রসুন ৬০ টাকা বিক্রি হয়েছে। নগরীর কাজির দেউড়ি বাজারে খুচরা দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৬ টাকায়, রসুন ৯০ টাকা দরে। আসকার দীঘির পাড়ের বাসিন্দা রক্তিম দেশ রূপান্তরকে বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৩-১৪ টাকা হলেও খুচরা প্রতি কেজি ১০ টাকা বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত