অবস্থা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খাদ্যে ভেজালবিরোধী অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডে অভিযান উদ্বোধনকালে রেস্তোরাঁ মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন ও সতর্ক হয়ে যান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারাদ-ের পাশাপাশি আর্থিক জরিমানা আরও বাড়ানো হবে।’ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধেও অভিযান চালানোর কথা জানান মেয়র। সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযান শেষ হওয়ার পর ফের অভিযান শুরু করেছে ডিএসসিসি।
মেয়র বেইলী রোডের নবাবী ভোজ রেস্তোরাঁ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি তুষার আহমেদ, র্যাবের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিএসটিআইর প্রতিনিধি আজহারুল হক, ওষুধ প্রশাসন পরিদপ্তরের প্রতিনিধি মাহবুব হোসেন।
