মহাকাশ পর্যটনের পথে ‘ব্লু অরিজিন’র পরীক্ষামূলক উড্ডয়ন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১১:২৫ এএম

জেফ বিজোসের ব্যক্তিগত মালিকানাধীন মহাকাশ সংস্থা ‘ব্লু অরিজিন’ একটি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই পরীক্ষা চালায় মহাকাশ সংস্থাটি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই বাণিজ্যিকভাবে মহাকাশ যান চালু করতে যাচ্ছে ‘ব্লু অরিজিন’। সেই সঙ্গে খুলে যাবে মহাকাশ পর্যটনের দুয়ার।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের একটি ‘লঞ্চ প্যাড’ থেকে তাদের পরীক্ষা চালানো হয় এবং এটি দারুণভাবেই সফল হয়েছে।

সিএনএন জানায়, নিউ শেফার্ড নামে ব্লু অরিজিনের রকেটটি এমনভাবে ডিজাইন করা যেন ৬ জন আরোহী সেখানে অবস্থান করতে পারেন। পরীক্ষামূলক উড্ডয়নে রকেটটিতে কোনো যাত্রী না থাকলেও খরচ না হয়ে বরং উল্টো লাভ হয়েছে ব্লু অরিজিনের। কারণ, মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’র গবেষণা সংক্রান্ত কিছু কাজে সহযোগিতা করেছে সর্বশেষ উড্ডয়নটি।

image

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রী ক্যাপসুলটি পৃথিবী থেকে ৩ লাখ ৫০ হাজার ফিট বা ৬৬ মাইল ওপরে রকেট থেকে বিচ্ছিন্ন হয়। আগামী উড্ডয়নগুলোতে এভাবে ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরে আসার আগে নিজের ভরশূন্যতা উপভোগ করতে পারবেন মহাকাশ পর্যটকরা। ক্যাপসুলটিতে ৩টি প্যারাস্যুট ব্যবহার করা হয়েছে। এর আগে নিউ শেফার্ড নামে রকেটটি আরও ৫ বার আকাশে উড়েছে।

মহাকাশ পর্যটন খুব শিগগিরই জমে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জেফ বিজোসের ব্লু অরিজিন প্রতিদ্বন্দ্বিতা করবে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাটিক নামে আরেকটি বেসরকারি মহাকাশ সংস্থার সঙ্গে। ২০১৯ সালের মধ্যেই উভয় সংস্থা বেসরকারিভাবে পর্যটকদের মহাকাশ ঘুরিয়ে আনার পরিকল্পনা করেছে।

ব্রেনসনের ভার্জিন গ্যালাটিক মহাকাশ সংস্থা ইতোমধ্যেই ৬০০ টিকিট অগ্রিম বিক্রি করে ফেলেছে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে দুই থেকে আড়াই লাখ ডলারের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত