কিশোরী কীর্তন শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৫:৫৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৫ বছর বয়সী এক কিশোরী কীর্তন শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নির্যাতিতা পীরারবাড়ি গ্রামের মৃত পরিক্ষিত মল্লিকের ছেলে পরিমল মল্লিক (২২) ও গুরুদাস মল্লিকের ছেলে কালু মল্লিক (১৯) দায়ী করেছেন। বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার অভিযোগ, বেশ কিছুদিন আগে থেকে পরিমল মল্লিক প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে পরিমল ও তার সহযোগী কালু আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তারা এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, তার একটি কীর্তনের দলের শিল্পী। ঘটনার দিন রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে পরিমল ও কালু তার মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তারা তাকে ফেলে গেলে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আলামত সংগ্রহ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে বলা যাবে সে ধর্ষিত হয়েছে কি না। এর আগে চূড়ান্ত করে কিছু বলা সম্ভব নয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত