নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০) ও একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪)।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান করার ফলে চার যুবক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যায়। আর অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ওই বাড়ির মালিক দাবি করেছেন, যারা মদপান করে মারা গেছে তাদের আমি চিনি না। তাদের আমরা দাওয়াতও করিনি।
