পোশাকশ্রমিক সুমন হত্যার বিচার, শ্রমিক হয়রানি বন্ধ ও গ্রেপ্তার শ্রমিকনেতাদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, সে হারে শ্রমিকদের বেতন বাড়েনি। শ্রমিকদের যে বেতন দেওয়া হয় সেই বেতন দিয়ে একটি সংসার চালানো খুবই কষ্টকর। তাদের এই কষ্টের জীবন থেকে বেরিয়ে আসতে শ্রমিকদের বেতন বাড়ানো জরুরি। আর এই বেতন বাড়ানোর আন্দোলন তাদের ন্যায্য আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক সুমনকে হত্যা করা হয়েছে। বক্তারা আরও বলেন, শুধু তা-ই নয় শ্রমিকদের কেউ ভালো চোখে দেখে না। সব সময় সবাই অপমান-অপদস্থ করে থাকে। এর থেকে শ্রমিকরা পরিত্রাণ চায়। এ সময় তারা জিনিসপত্রের দামের হারের সঙ্গে মিল রেখে মজুরি বৃদ্ধির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক এম এ ফয়েজ, সভাপতি শবনম হাফিজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য আবদুস সাত্তার প্রমুখ।
