জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি দেশের অন্যতম বৃহত্তম দল। আগামীতে আমরা কাদের সঙ্গে বন্ধুত্ব করব সময়ই তা বলে দেবে। ক্ষমতায় গিয়ে যারা আমাদের বলে মাঠে থাকতে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে চাই না।
তিনি গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় জাতীয় পার্টির মহানগর শাখার অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, ফারুক হোসেন খান, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ইসমাইল হোসেন, আবদুস সোবাহান প্রমুখ।
রাঙ্গা আরও বলেন, আমরা এখন সত্যিকার অর্থে বিরোধী দল। সংসদে আমরা শক্তিশালী ভূমিকা রাখব। জাতীয় পার্টির শক্তি এখন অনেক বেশি।
আমরা চাইলে অনেক কিছু ওলটপালট করে দিতে পারি। আমরা শুধু বিরোধী দলে থাকতে চাই না। রাজনৈতিক শক্তি সঞ্চয় করে আগামীতে আমরা ক্ষমতায় যেতে চাই।
