২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এ নির্বাচনে সম্পাদকীয় পরিষদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান মানিক। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আন্তর্জাতিক ও তথ্য সচিব পদে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিপ্লব শরীফ। তিনি পান ৬২ ভোট। অপরদিকে কার্যনির্বাহী পদে সর্বোচ্চ ভোট পান গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি পান ২৪৪ ভোট।
সোহানুর রহমান সোহান বলেন, ‘সর্বোচ্চ ভোট পেয়ে ভালোই লাগছে। সবাই যে আমাকে এত ভালোবাসে সে ভালোবাসারই বহিঃপ্রকাশ করেছে ভোটের মাধ্যমে। সে জন্য আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব তাদের ভালোবাসা ধরে রাখতে। সেভাবেই কাজ করব।’
এদিকে এর আগে সোহানুর রহমান সোহান সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ কার্যনির্বাহী পদে নির্বাচন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে আমি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরে সভাপতি হিসেবে নির্বাচনও করেছি। কিন্তু গতবারের নির্বাচনে খুব কম ভোট পেয়েছি। সে কারণেই চিন্তা করে দেখলাম যে এত কম ভোট কেন পেলাম, এবারও কি তাই হবে। মূলত সবার ভালোবাসা যাচাই করার জন্যই এবার ইসিতে নির্বাচন করি। শেষ পর্যন্ত দেখলাম যে, না সবার ভালোবাসা ঠিকই আছে।’
এদিকে মোস্তাফিজুর রহমান মানিক একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘সকাল থেকেই শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছি। নির্বাচন, বিপুল ভোটে বিজয়ী হওয়া এগুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতা আমাকে কোথায় নিয়ে যাবে জানি না। কিন্তু এইটুকু আমি বলতেই পারি, যে ভালোবাসা সম্মানিত পরিচালকরা আমার প্রতি দেখিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব এবং এই ভালোবাসার মূল্য দেওয়ার চেষ্টা করব।’
উল্লেখ্য ২৫ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল বিজয়ী হয়। ১৯ পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছেন বাদল-বজলুর প্যানেলের সদস্যরা। সভাপতি গুলজার এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন খোকন। নির্বাচনে ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।
