ডাকসুর নেতৃত্ব দেবে ছাত্রলীগ: তোফায়েল আহমেদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১১:৪০ পিএম

আগামী ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

সমাবেশের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করা হয়। এতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। 

আগামী দিনগুলোতে ছাত্রলীগ ডাকসুর নেতৃত্ব দেবে আশাবাদ জানিয়ে সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেন- ছাত্রলীগের মাঝে যে ঐক্য দেখছি, ৬৭-৬৮ সালের মতো ছাত্রলীগ আবার ডাকসুর নেতৃত্ব দেবে।

তিনি বলেন, ১৯৪৮ সালের ৪ই জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। এই ছাত্রলীগ ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই ছাত্রলীগ আইয়ুব বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই ছাত্রলীগ শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।

বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন- বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করার যে সংগ্রাম, সেটা বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতা আখ্যায়িত করে সাবেক এই মন্ত্রী আরও বলেন- শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন। তিনি আন্তর্জাতিক বিশ্বের একজন খ্যাতিমান নেতা।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে র‌্যালি বের করা হয়। এতে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ ঢাকা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।  

উল্লেখ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হলেও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৩ তারিখে মৃত্যুবরণ করলে পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন স্থগিত করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত