চাঁদপুরে ৪৮ মাদকসেবী ও কারবারির আত্মসমর্পণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০১:০০ এএম

চাঁদপুরের ৪৮ মাদকসেবী ও কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল শনিবার দুপুরে এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে তারা আত্মসমর্পণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন। স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজনীতিকরাও আত্মসমর্পণকারীদের কর্মমুখী করে তুলতে সহায়তার আশ্বাস দেন। চাঁদপুর সদর মডেল থানা প্রাঙ্গণে মাদক, নারী নির্যাতন, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক এ সমাবেশের আয়োজন করে মডেল থানা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিহাদুল কবির বলেন, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেব না। আজকে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, আপনারা আর কখনো অন্ধকার জগতে ফিরে যাবেন না। সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের প্রতি আমাদের পূর্ণ সহায়তা থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুলিশের মধ্যেও সবাই ভালো নয়। এদের মধ্যেও কিছু অফিসার মাদকের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি। পুলিশের কারও বিরুদ্ধে যদি কোনো মাদক ব্যবসায়ীকে সহায়তার অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থাই নেওয়া হবে না, সরাসরি ফৌজদারী মামলাও দেওয়া হবে।’ মাদক কারবারি ও সেবনকারীদের সাবধান করে পুলিশ সুপার আরও বলেন, যারা এখনো মাদকের সঙ্গে জড়িত আছেন তাদের এই পথ ত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা বুঝতে পারছেন ম্যাজিস্ট্রেটের চাবি দিয়ে এখন আর পুলিশের অস্ত্র নেওয়া লাগে না। আমাদের সরকার এখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী যদি পুলিশকে আঘাতের চিন্তা করে, তবে তার জন্য মূল্য চুকাতে হবে। কোনো অবস্থাতেই কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে যা করা লাগে, তাই করতে আমরা প্রস্তুত রয়েছি।’ অতিরিক্ত পুলিশ সুপার আবু জাহেদ চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও চাঁদপুর মডেল থানার ওসি নাসির উদ্দিন বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত