ফটিকছড়ির সাবেক এমপি নুরুল আলম চৌধুরী মারা গেছেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১০:৩০ এএম

ফটিকছড়ির দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি), ওমানের সাবেক রাষ্ট্রদূত ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৫টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোববার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে তার প্রথম নামাজে জানাজা, দুপুর ২টায় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেল ৪টায় মরহুমের নিজ বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপাল ঘাটা গ্রামের মতিয়র রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

বরেণ্য এ রাজনীতিক ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতিরও দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় সৈনিক হিসেবে তিনি দেশের জন্য লড়েছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে মাত্র ২৭ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতিতও হয়েছিলেন।

এ ছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তিনবারের সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার গভীর সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত