কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ বেড়েছে।
আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এ মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন খালেদা জিয়া।
হাইকোর্টের আদেশে এই মামলার বিচারিক কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে জানান তার আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
আদেশের পর আইনজীবী এহসানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এ আদেশের ফলে এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন খালেদা জিয়া।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত বছর কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন না-মঞ্জুর হওয়ার পর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি নিয়ে গত বছরের ৬ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। বিএনপি-জামায়াতের ডাকা টানা অবরোধ-হরতালের সময় ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ জানুয়ারি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ। মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
