যে কোনো তারকা জুটির প্রেম, বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনকী তাদের বিচ্ছেদ নিয়েও। প্রতিদিনের সংবাদপত্রও গুরুত্ব সহকারে ছাপে তারকাদের ব্যক্তিজীবনের এসব খবর।
সিনেমা ও নাটকপাড়ার জনপ্রিয় মানুষদের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তরা উৎফুল্লতা প্রকাশ করলেও বিচ্ছেদের সংবাদে আবার বিমর্ষ অনুভূতিও প্রকাশ করেন। কিন্তু তারকাদেরও অন্য সবার মতো ব্যক্তিজীবন আছে, সাধারণ সব মানুষের মতোই তাদের সম্পর্কের ভাঙা-গড়া।
তারকাদের বিচ্ছেদের ঘটনায় কিন্তু শেখার বিষয়ও আছে ভক্তদের জন্য, আছে জীবনের গুরুত্বপূর্ণ উপলব্ধির বিষয়ও। দিল্লির মনোরোগ বিশেষজ্ঞ ও বিবাহ পরামর্শক শিবানি মিশ্রি সাধু লাইফস্টাইল ম্যাগাজিন ফেমিনাতে এ নিয়ে প্রকাশ করেছেন তার মতামত।
ঋত্বিক-সুজান
১৪ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন ও সুজান খানের। মূলত ১৭ বছর ধরে চেনা-জানা এ জুটির। রিহান ও রিধান নামে দুই ছেলেও আছে তাদের। বিচ্ছেদের পরও ঋত্বিক ও সুজানের মধ্যে অটুট আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুইজনেই সন্তানদের নিয়মিত সময় দেন। ছেলেদের নিয়ে একসঙ্গে বেড়াতেও যান। পরষ্পরের সুবিধা-অসুবিধায় খোঁজখবর রাখেন। এমনকী বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঋত্বিকের প্রেমের গুঞ্জন ওঠলে প্রাক্তন স্বামীর পক্ষ নেন সুজান।
এ সাবেক জুটি থেকে আমরা শিখতে পারি, বিচ্ছেদের পরবর্তী সম্পর্ক তিক্ততাপূর্ণ উচিত না। ক্ষমার দৃষ্টিতে পরষ্পরকে দেখলে প্রাক্তনের সঙ্গেও ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠতে পারে। বিশেষ করে সেখানে যদি সন্তানরাও জড়িত থাকে। বাবা-মার বিয়ে বিচ্ছেদ সন্তানদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ঋত্বিক-সুজান, দুইজনকেই দেখা যায় সন্তানদের সঙ্গে সুন্দর সময় কাটাতে। তার মানে সন্তানদের বেড়ে ওঠায় সুন্দর পরিবেশ সৃষ্টিতে তারা গুরুত্ব দিচ্ছেন।
দীপিকা-রণবীর
দীপিকা-রণবীর কাপুরের প্রেম ও বিচ্ছেদ কারও অজানা নয় এখন। দীপিকা তো আরেক সুপারস্টার রণবীর সিংকে বিয়ে করে হানিমুনও সেড়ে ফেলেছেন ইতোমধ্যে। তবে রণবীর কাপুরের সঙ্গে দুই বছরের প্রেম ছিল এ বলিউড নায়িকার।
কিন্তু রণবীর যে গোপনে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছিলেন, সেটি ধরে ফেলেন দীপিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি বোকা ছিলাম বলে তাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছিলাম। রণবীর আমার কাছে ভিক্ষা চেয়েছিল আর আমিও গলে গিয়েছিলাম। পরে তো তাকে আমি হাতেনাতে ধরলাম। যদিও বিচ্ছেদের ধাক্কা সইতে আমার অনেক সময় লেগেছে কিন্তু শেষপর্যন্ত আমি ঠিক জায়গা আছি এখন।’
দীপিকা-রণবীরের প্রেমের বিচ্ছেদের এ ঘটনা থেকে বুঝতে পারি, অবিশ্বস্ত সম্পর্ক ত্যাগ করা উচিত। কেউ যদি সুযোগ দেওয়ার পরও একাধিকবার সম্পর্কের বিশ্বাস নষ্ট করে সেই সঙ্গীকে ত্যাগ করা উচিত। বিশ্বাসের মর্যাদা না থাকলে কোনো সম্পর্কই বিশ্বস্ত থাকে না।
মালাইকা-আরবাজ
দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত ১৭ বছরের দীর্ঘ সম্পর্ক ভেঙ্গে যায় মালাইকা অরোরা ও আরবাজ খানের। তাদের মধ্যে তৃতীয়জন হাজির হওয়ায় বিচ্ছেদ ঘটেছে বলে চাওড় হলেও তারা কিন্তু জনসম্মুখে এ ব্যাপারে মুখ খুলেননি। বিচ্ছেদের পরও পরষ্পরের প্রতি সম্মান বজায় রেখেছেন।
এমনকী তাদের ছেলে আরহানকে কেন্দ্র করে নিয়মিত পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় মালাইকা-আরবাজকে। এক সংবাদমাধ্যমকে মালাইকা বলেন, ‘আরবাজ আমার পরিবারের একজন সদস্য। তিনি আমার ছেলের বাবা। আমাদের মধ্যে যা ঘটেছে সেটি একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি সন্তানকে সুখী রাখে তাহলে আমরাও সুখী।’
আরবাজ এখন ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে প্রেম করছেন এবং মালাইকা সম্পর্ক গড়েছেন অর্জুন কাপুরের সঙ্গে।
বিয়ে বিচ্ছেদের পরেও এ জুটি নতুন করে জীবনকে উপভোগ করছেন। ঋত্বিক-সুজানের মতো তারাও সন্তানকে ভাল সঙ্গ দিচ্ছেন। বিচ্ছেদ হলেই যে জীবনকে থেমে রাখতে হবে তা নয়। দুইজনেই নতুন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পুরনো তিক্ত সম্পর্ক নিয়ে তারা বসে নেই। এ দুই তারকা দারুণভাবে এটিই বার্তা দেয়।
