খোলামেলা নয়, অমৃতা হাজির হবেন ধর্মীয় পোশাকে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১০:১৬ পিএম

সম্প্রতি নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অমৃতা খান। ‘রোমিও রংবাজ’নামের এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক সালমান রাহগীর।

দেশ রূপান্তরকে অমৃতা জানান, ২৬ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের চুক্তি স্বাক্ষর করা হয়। সায়েম জাফর ইমামী পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হবে ১লা ফেব্রুয়ারি থেকে। অ্যাকশন রোমান্টিক ঘরানার এ ছবিটির শুটিং হবে সিলেটের মৌলভীবাজার, জুরী ও শ্রীমঙ্গলে।

নিজের চরিত্র নিয়ে অমৃতা খান বলেন, ‘এ ছবিটিতে প্রথমবারের মতো ভিন্ন লুকে হাজির হব। অন্য সিনেমার মতো নায়িকাদের যেরকম লুক থাকে সেরকম লুকে নয়। মানে খোলামেলা নয়, হাজির হব ধর্মীয় পোশাকে। এখানে আমার চরিত্রটাই এ রকম যে, আমি শান্ত শিষ্ট একটা মেয়ে। ধর্মীয় বিধিনিষেধ মেনে চলি। ’

উল্লেখ্য ২০১৫ সালে ‘গেম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন অমৃতা খান। এরপর ‘পাগলা দিওয়ানা’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত