ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সক্রিয় রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. আহমেদ সাজেদুল হক রুবেল।
তিনি রাজধানীর কয়েকটি ওয়ার্ডে কর্মিসভা ও শুভেচ্ছা বিনিময় করছেন। নির্বাচনী এলাকাভিত্তিক প্রচরণারও প্রস্তুতি নিচ্ছেন মেয়র পদে কাস্তে মার্কা ভোট প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রুবেল। এর আগে ঢাকা-১৫ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেন।
এদিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে কর্মিসভা করেছে সিপিবি’র ঢাকা কমিটি।
এতে নির্বাচনের প্রস্তুতি ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ওই কর্মিসভায় বক্তব্য দেন মেয়র প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল।
ওই সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একাদশ সংসদ নির্বাচনের নামে সরকার মধ্যরাতে নির্লজ্জভাবে ভোট চুরি করেছে। তবে নির্বাচনে নৈতিক বিজয় আমরা পেয়েছি, সেটা সরকার ছিনতাই করতে পারেনি। নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ প্রসঙ্গে সিপিবি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছেন বটে, কিন্তু সে দাওয়াতে যাবে না কমিউনিস্ট পার্টি।
মেয়র প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল বলেন, নগর উন্নয়নের নামে লুটপাট চলছে। সত্যিকার অর্থে যানজটের সমাধান আদৌ হবে কি না, তা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ আছে। মেট্রোরেল ও ফ্লাইওভার দিয়ে আগামী পাঁচ বছরে যানজটের সমাধান হবে না।
নগরবাসী সংসদ নির্বাচনের মতো আর কোনো ভুয়া ভোট দেখতে চায় না বলেও মনে করেন এই নেতা।
