মেহেরপুরে প্রতিমন্ত্রী শাসনকে সৎ ও জনবান্ধব করতে চাই

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০১:৪৭ এএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার ১২৩ ভাগ বেতন বাড়িয়েছে। যা উন্নত দেশের বেতন কাঠামোর সমতুল্য। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবায় কাজ করতে পারে, সেই চিন্তা মাথায় রেখেই সরকার তাদের এই বেতন বৃদ্ধি করেছে। ফলে জনপ্রশাসনে এখন দুর্নীতির প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতির বার্তা এরমধ্যে তৃণমূল প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন সরকার জনপ্রশাসনকে সত্যিকারের সৎ ও জনবান্ধব করতে চায়।’

গতকাল রবিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিন দিনের সরকারি সফর ও কর্মসূচি পালন শেষে সকাল সাড়ে ৭টায় মেহেরপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি গত বৃহস্পতিবার প্রথম নিজ নির্বাচনী এলাকা মেহেরপুর সফরে যান। তিন দিনের সরকারি সফরে মন্ত্রী খুলনা বিভাগীয় প্রশাসনিক সভাসহ বিভিন্ন কর্মসূচি শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত