মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের আংশিক অচলাবস্থায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে কমপক্ষে ৬০০ কোটি ডলার। দেশটির নিউ ইয়র্ক সিটিকেন্দ্রিক বিনিয়োগ গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে দি ইনডিপেনডেন্টের খবরে জানানো হয়, অচলাবস্থায় টানা ৩৫ দিন কেন্দ্রীয় সরকারের এক-চতুর্থাংশ দপ্তর বন্ধ থাকায় কর্মীরা বাধ্য হয়ে ছুটিতে থেকেছেন। ফলে তারা উৎপাদনক্ষমতা কাজে লাগাতে পারেননি। এছাড়া অচলাবস্থায় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ ছিল। এসব কারণে বড় অঙ্কের ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ মাদক ও অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির সদস্যরা তার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেয়াল নির্মাণকে অনৈতিক ও অকার্যকর বলেছেন। তাদের সঙ্গে দ্বন্দ্বে মার্কিন সরকারে অচলাবস্থা শুরু হয়। এ অবস্থা এক মাসের বেশি সময় গড়ালেও ডেমোক্র্যাটরা তাদের অবস্থানে অনড় ছিলেন।
