তিন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৩:২৫ এএম

ঢাকা, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এইচএসসি-২০১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনের এ মানববন্ধনে তারা অন্য বিশ্ববিদ্যালয়ে নতুন করে এ নিয়ম না করার অনুরোধ জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় প্রায় ৮ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী পাস করেছে। মেডিকেল ডেন্টালসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন মাত্র ৪৬ হাজার, যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক কম। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায় মাত্র তিন মাস। এ সময়ে কারও শারীরিক বা পারিবারিক কোনো বিপর্যয় দেখা দিলে তার জীবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন সেখানেই শেষ। বারো বছরের অর্জিত শিক্ষার মান মাত্র ১ ঘণ্টায় নির্ধারণ করা হয়। যার মাধ্যমে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে যাচাই করা সম্ভব নয়। শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশে ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য অনেকেরই থাকে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এক মেধাবীর দেখা স্বপ্ন বাস্তবায়ন করা দুঃসাধ্য। যার ফলে হতাশ হয়ে প্রতি বছর দেশের হাজার হাজার তরুণ মেধাবী বিদেশে পাড়ি জমায়। যা দেশের সবচেয়ে বড় ক্ষতি। তাই আমরা এই মানববন্ধন থেকে ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অবিলম্বে পুনঃপ্রবর্তনের দাবি জানাচ্ছি। মানববন্ধনে মুন্সি আব্দুর রউফ কলেজের সাখাওয়াত উল্লাহ তানভীর, ঢাকা কলেজের অর্ণব চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শাওন আহমেদ শুভ্রসহ অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত